ঢাকা থেকে রোগীর চাপ কমাতে উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আরও সক্ষম করে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে চিকিৎসকরা স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও চলমান বিষয়গুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর নির্ভরশীলতা কমাতে হবে। এ জন্য শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও চিকিৎসাসেবায় সমান গুরুত্ব দিয়ে কাজ করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হয়।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি করা হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম।
এ সময় হাসপাতাল ও কলেজসংলগ্ন ফুটপাত থেকে ভ্রাম্যমাণ হকার, অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এতে দীর্ঘদিন পর ফুটপাতগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং ওই এলাকায় যানজটও কিছুটা কমে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন