‘সোনালী কাবিন’খ্যাত কবি আল মাহমুদের জন্মদিন আজ শনিবার (১১ জুলাই)। বাংলা কবিতায় বহুমাত্রিক কাব্যভাষা, লোকজ ঐতিহ্য ও গ্রামীণ জীবনচিত্রের অনন্য শিল্পরূপ তুলে ধরে তিনি নিজস্ব অবস্থান তৈরি করেছেন।
কবি আল মাহমুদের প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। তিনি ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল এলাকায় জন্মগ্রহণ করেন।
ষাটের দশকে ‘লোক লোকান্তর’ ও ‘কালের কলস’ কাব্যগ্রন্থের মাধ্যমে বাংলা কবিতায় স্বতন্ত্র পরিচিতি লাভ করেন আল মাহমুদ। এরপর ১৯৭৩ সালে প্রকাশিত হয় তার কালজয়ী কাব্যগ্রন্থ ‘সোনালী কাবিন’, যা বাংলা সাহিত্যে তাকে বিশেষ মর্যাদা এনে দেয়।
কবিতার পাশাপাশি শিশুসাহিত্য ও সাংবাদিকতাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আল মাহমুদ। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ‘পানকৌড়ির রক্ত’, ‘কবি ও কোলাহল’ এবং মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘কাবিলের বোন’।
বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হন।
২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন বাংলা সাহিত্যের এই প্রখ্যাত কবি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন