বাংলাদেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য রাখতে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের পরিবেশ সুন্দর রাখতে হলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে।
সোমবার সকালে বরিশালের গৌরনদীর সরিকল-বাটজোর খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে স্থানীয় গ্রামবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, নিজেদের ঘর ও দেশ নিজেরা পরিষ্কার না রাখলে বাইরে থেকে কেউ এসে তা পরিচ্ছন্ন করে দিয়ে যাবে না। দেশকে সুন্দর করে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
যত্রতত্র আবর্জনা, পানির খালি বোতল ও প্লাস্টিকের প্যাকেট না ফেলার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এসব বর্জ্যে পরিবেশ নষ্ট হয়। পরিবেশের ক্ষতি হলে ভবিষ্যতে সন্তানরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
নিজের অভ্যাসের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ব্যবহৃত টিস্যু তিনি যেখানে-সেখানে ফেলেন না। পকেটে রেখে পরে বাসায় ফিরে ডাস্টবিন বা নির্ধারিত স্থানে ফেলেন।
তিনি বলেন, ছোটবেলা থেকে চর্চার মাধ্যমে এ অভ্যাস গড়ে তুলেছেন। সবাই চেষ্টা করলে ধীরে ধীরে পরিচ্ছন্নতার এমন অভ্যাস গড়ে তোলা সম্ভব।
তারেক রহমান বলেন, সম্মিলিতভাবে সচেতন হলে বাংলাদেশকে এমন একটি পরিচ্ছন্ন ও সুন্দর দেশে পরিণত করা সম্ভব, যা দেখে দেশের মানুষ ও বিদেশিরা প্রশংসা করবে।
বক্তব্যের সময় খালের পানিতে দুটি প্লাস্টিকের বোতল ভাসতে দেখে তিনি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি বাড়িতে একজন সারাদিন পরিষ্কার করলেও অন্যরা ময়লা ফেলতে থাকলে সেই বাড়ি পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। একইভাবে কয়েকজন শুধু পরিষ্কার করলেই দেশ পরিচ্ছন্ন থাকবে না। সবাইকে নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলতে হবে।
তিনি বলেন, বাজার, দোকানপাট ও সড়কের আশপাশে ছড়িয়ে থাকা ময়লা দেখতে খারাপ লাগার পাশাপাশি পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকিও বাড়ায়। তাই দেশকে সুন্দর করে গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও সুস্থ দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বৃক্ষরোপণের দিনে প্রত্যেককে নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষার প্রতিজ্ঞা করতে হবে। আশপাশের ঘরবাড়ি ও রাস্তাঘাট যতটা সম্ভব পরিচ্ছন্ন রাখতে হবে।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন