মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেছেন, বিদ্যুতের মূল্য সমন্বয়ের ক্ষেত্রে সরকার নিম্ন আয়ের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে অতিরিক্ত আর্থিক চাপ থেকে সুরক্ষা দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নে স্প্রে মেশিন, গভীর নলকূপ, সেলাই মেশিন, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য উঁচু-নিচু বেঞ্চ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “যারা মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। গ্রামীণ এলাকার অধিকাংশ পরিবার এ সীমার মধ্যেই বিদ্যুৎ ব্যবহার করে। আমি চেষ্টা করেছি, যেন প্রান্তিক মানুষের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।”
তিনি বলেন, বৈশ্বিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার ব্যয় এবং বিদ্যুৎ উৎপাদনের ক্রমবর্ধমান খরচ সত্ত্বেও সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় সরকার ভর্তুকি দিয়ে যাচ্ছে।
দীর্ঘ মেয়াদে নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরতা বাড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও জানান তিনি।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন