ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডে নিজের ভূমিকার কথা প্রকাশ্যে উল্লেখ করার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য এক কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে ইরানপন্থী ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)।
বর্তমান বিনিময় হার অনুযায়ী ঘোষিত অর্থের পরিমাণ প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা।
গত বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরআই জানায়, সংগঠনটির সদস্য ও সমর্থকদের অনুদানের মাধ্যমে পুরস্কারের অর্থ সংগ্রহ করা হয়েছে। বিবৃতিতে ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে বলা হয়, যে ব্যক্তি বা গোষ্ঠী তাকে হত্যা করবে, তাকে এই অর্থ দেওয়া হবে।
সশস্ত্র গোষ্ঠীটির বিবৃতিতে আরও বলা হয়, শিশু ও বিজ্ঞানীদের হত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে বিশ্বের স্বাধীনতাকামী মানুষ চেষ্টা চালিয়ে যাবে। তাদের দাবি, স্বৈরাচারীরা শান্তিতে থাকতে পারবে না এবং ট্রাম্পও নিরাপদ আশ্রয় পাবেন না।
আইআরআই বলেছে, নিহত যোদ্ধাদের প্রতিশোধ নেওয়া তাদের জন্য একটি বাধ্যতামূলক অঙ্গীকার। সংগঠনটির ভাষ্য, নিহতদের রক্ত একদিন আগ্রাসনকারীদের পতন ঘটাবে।
এদিকে গালফ নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনের হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির সঙ্গে বৈঠকে ট্রাম্প ২০২০ সালে কাসেম সোলাইমানি ও ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহান্দিসকে হত্যার অভিযানে নিজের ভূমিকার কথা উল্লেখ করেন।
বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের ওই বক্তব্য প্রকাশ্যে আসার পরই ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক তার বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করেছে।
২০২০ সালের জানুয়ারিতে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি ও আবু মাহদি আল মুহান্দিস নিহত হন।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন