দেড় দশকের বেশি সময় পেরিয়ে গেলেও দর্শকের মনে এখনো আগের মতোই জীবন্ত ‘থ্রি ইডিয়টস’-এর র্যাঞ্চো, রাজু ও ফারহান। ভাইরাস, চতুর কিংবা র্যাঞ্চোর সেই ছকভাঙা ভাবনা-সবই এখনো সিনেমাপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল।
দীর্ঘদিন ধরেই ভক্তদের প্রত্যাশা ছিল, যদি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল তৈরি হতো! এবার সেই প্রত্যাশাই বাস্তবের পথে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আসছে ‘থ্রি ইডিয়টস ২’।
এর আগেও সিক্যুয়েল নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও শেষ পর্যন্ত দর্শকদের হতাশ হতে হয়েছিল। তবে এবার খবরটি নিশ্চিত করেছেন খোদ আমির খান।
এক সাক্ষাৎকারে আমির খান বলেন, তিনি বর্তমানে ‘থ্রি ইডিয়টস’ নিয়ে কাজ করছেন। চিত্রনাট্য শুনে তার ভালো লেগেছে। এখনো অনেক কাজ বাকি থাকলেও গল্পের ধারা আশাব্যঞ্জক বলে জানান তিনি।
আমির বলেন, প্রথম সিনেমার মতোই সিক্যুয়েলেও থাকবে হাস্যরস, ছকভাঙা গল্প এবং দর্শকের মনে দাগ কাটার মতো উপাদান। তবে দ্বিতীয় পর্বের গল্প এগিয়ে যাবে প্রায় ১০ বছর পরের সময়কে কেন্দ্র করে।
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’-এ র্যাঞ্চো চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। বলিউডের কাল্ট ক্লাসিক সিনেমাগুলোর মধ্যে এটি অন্যতম। র্যাঞ্চো চরিত্রটিও আমিরের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় চরিত্র হিসেবে বিবেচিত।
যদিও সিনেমাটির শুটিং শুরুর নির্দিষ্ট দিনক্ষণ এখনো জানানো হয়নি, তবে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, ২০২৬ সালের মাঝামাঝি সময়ে ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের শুটিং শুরু হতে পারে।
প্রযোজনা সংস্থার ভাষ্য অনুযায়ী, পুরনো টিমের পুনর্মিলন নিয়ে সবাই বেশ উচ্ছ্বসিত। তাদের ধারণা, আগের সিনেমার মতোই এবারও দর্শক পুরনো ম্যাজিক ফিরে পাবেন।
জানা গেছে, ‘থ্রি ইডিয়টস ২’-এর কাজকে গুরুত্ব দিতে আমির খান ও পরিচালক রাজকুমার হিরানি অন্য কাজ আপাতত স্থগিত রেখেছেন। দাদাসাহেব ফালকের বায়োপিকের কাজও আপাতত পিছিয়ে গেছে বলে জানা যায়।
সিক্যুয়েলে আমির খানের সঙ্গে কারিনা কাপুরকেও দেখা যাবে। এছাড়া শরমন যোশি, আর. মাধবনসহ প্রথম সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা অভিনয়শিল্পীরাও ফিরছেন বলে জানা গেছে। তাই সিনেমাটিকে র্যাঞ্চো, রাজু ও ফারহানের এক বড় পুনর্মিলনী হিসেবেও দেখছেন ভক্তরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন