প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং বিজ্ঞান ও প্রযুক্তি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন। এ ছাড়া সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন রেহান আসিফ আসাদ।
রাশিয়ার পক্ষ থেকে রোসাটম মহাপরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।
প্রসঙ্গত, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে জ্বালানি লোডিং শুরু হচ্ছে আজ মঙ্গলবার। এর মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে পদ্মার তীরে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করছে।
জানা গেছে, দুটি ইউনিট মিলিয়ে কেন্দ্রটির মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু হচ্ছে, আর দ্বিতীয় ইউনিটের কাজও পুরোদমে এগিয়ে চলছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব জানিয়েছেন, আগামী আগস্টের মাঝামাঝি সময়ের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন