ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে সশস্ত্র হামলাচেষ্টার ঘটনায় আটক কোল টমাস অ্যালেনের কথিত ইশতেহারের উদ্ধৃতি নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিকের ওপর ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার সিবিএস নিউজের নোরাহ ও’ডোনেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প নিজেকে কোনো ধরনের অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন। সাক্ষাৎকারে তিনি বলেন, তার বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ অভিযোগগুলো মিথ্যা এবং তিনি এসব অভিযোগ থেকে পুরোপুরি মুক্ত।
ট্রাম্প অভিযোগ করেন, কিছু সংবাদমাধ্যম একজন ‘অসুস্থ’ ব্যক্তির বক্তব্যকে গুরুত্ব দিয়ে প্রচার করছে। তার দাবি, হামলাচেষ্টাকারীর কথিত ইশতেহারে ব্যবহৃত শব্দগুলো তার বিরুদ্ধে অপপ্রচারের অংশ হিসেবে তুলে ধরা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন ওয়াশিংটন হিলটনে অনুষ্ঠিত ওই ডিনারে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও একাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ট্রাম্প বলেন, হামলাকারী একজন উগ্র মানসিকতার ব্যক্তি। তার মতে, রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য ও উত্তেজনাপূর্ণ পরিবেশ এ ধরনের সহিংসতার ঝুঁকি বাড়াচ্ছে।
সাক্ষাৎকারে ট্রাম্প জানান, গুলির ঘটনায় আহত সিক্রেট সার্ভিস সদস্যের সঙ্গে তার কথা হয়েছে এবং ওই কর্মকর্তা ভালো আছেন। নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলেও উল্লেখ করেন তিনি।
ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গুলির শব্দের পর নিরাপত্তা বাহিনী দ্রুত তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে হেফাজতে নেয় এফবিআই।
ট্রাম্প বলেন, প্রভাবশালী ব্যক্তিরাই অনেক সময় হামলার লক্ষ্যবস্তু হন। তবে হামলার উদ্দেশ্য ও এর পেছনে অন্য কেউ জড়িত কি না, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন