নারীদের অনার্স পর্যন্ত বিনা খরচে পড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদে মাদারীপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হেলেন জেরিন খান জানতে চান, ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে যথাযথ উত্তর শিক্ষামন্ত্রী দিতে পারবেন। তবে সামগ্রিকভাবে তিনি বলেন, বিএনপি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পরিকল্পনা ছিল নারী শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারী শিক্ষার পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করতেও কাজ করছে। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষাব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা খরচে করার উদ্যোগ নিয়েছিল। এবার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা বিনা খরচে করার পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সংসদের গ্যালারিতে অনেক নারী শিক্ষার্থী উপস্থিত আছেন এবং তারা সরাসরি সংসদ অধিবেশন দেখছেন। অনার্স পর্যন্ত নারী শিক্ষাকে বিনা খরচে করার পাশাপাশি যারা ভালো ফল করবে, তাদের স্কলারশিপ দেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানান তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন