ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়ছে। আজ (১১ মার্চ) দুপুর পর্যন্ত আরও ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ১২ দিনে ৩৯১টি ফ্লাইট বাতিল হয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। বর্তমানেও এসব আকাশসীমা বন্ধ রয়েছে, যার ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হচ্ছে এবং হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল হয়, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি এবং আজ ১১ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে।
আজ দুপুর পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত এয়ারওয়েজ ও গালফ এয়ারলাইন্সের দুটি করে, এয়ার অ্যারাবিয়া, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স, জাজিরা এয়ার এবং ফ্লাই দুবাই এয়ারলাইন্সের চারটি করে ফ্লাইট রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন