মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে আসামিপক্ষের পরিবারের কাছে কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগী প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের কাছে থাকা মামলার নথিপত্র হেফাজতে নিয়েছে প্রসিকিউশন। একই সঙ্গে ট্রাইব্যুনালের অতীতের বিভিন্ন কার্যক্রমও যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ মার্চ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চিফ প্রসিকিউটর বলেন, এ ধরনের ঘটনা ট্রাইব্যুনালের জন্য অত্যন্ত দুঃখজনক এবং এটি বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার শামিল। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।
জানা গেছে, জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর নাম বাদ দেওয়ার কথা বলে এক কোটি টাকা ঘুষ দাবির একটি ফোনালাপ ফাঁস হয়। এ ঘটনা প্রকাশ্যে আসার পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সব প্রসিকিউটরদের নিয়ে বৈঠক করেন।
বৈঠক শেষে তিনি জানান, অভিযোগের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন