জুনের মধ্যে নতুন জ্বালানি নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রাজধানীর প্রতিটি বাড়িতে সোলার প্যানেল বসানোর উদ্যোগ নিয়েছে সরকার বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৭ মে) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৫তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো অ্যান্ড ডায়ালগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে সোলার পাওয়ারকে সহজলভ্য করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, আগামী পাঁচ বছরে সোলার থেকে ১০ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে সরকারের। বর্তমানে দেশের মোট বিদ্যুৎ চাহিদার মাত্র ৪ থেকে ৫ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে আসছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “আপনাদের যাতে ট্যাক্স বেশি না দিতে হয়, সেজন্য আমরা আলোচনা করছি। আশা করি, এই মাসের মধ্যে একটি পলিসি তৈরি করতে পারব এবং জুন মাসের মধ্যে ক্যাবিনেট অনুমোদনের পর সরকারি আদেশ হিসেবে তা জারি করতে পারব।”
এদিকে, বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি জ্বালানিমন্ত্রী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন