বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো জ্বালানি তেলের দাম কমেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিত দেওয়ার পর তেলের বাজারে এই নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
বিনিয়োগকারীদের ধারণা, শান্তি প্রতিষ্ঠিত হলে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ব্যবস্থা আবার স্বাভাবিক হতে পারে। এতে বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।
বুধবার (৬ মে) গ্রিনিচ মান সময় ০১টা ০৩ মিনিটে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নির্ধারণের অন্যতম মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ১ দশমিক ৫২ ডলার বা ১ দশমিক ৩৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০৮ দশমিক ৩৫ ডলারে দাঁড়ায়। এর আগের দিনও ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশ কমেছিল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ বা ডব্লিউটিআইয়ের দাম ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৪৭ শতাংশ কমেছে। এতে প্রতি ব্যারেল ডব্লিউটিআই তেলের দাম দাঁড়িয়েছে ১০০ দশমিক ৭৭ ডলারে। আগের দিন এর দাম ৩ দশমিক ৯ শতাংশ কমেছিল।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ প্রায় বন্ধ হয়ে যায়। বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এ পথ দিয়ে পরিবাহিত হয়। সরবরাহে বিঘ্ন ঘটায় গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ২০২২ সালের মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর সরবরাহ ব্যবস্থা আবার সচল হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন