প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না। এ অর্থ জনগণের কল্যাণ, দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে ব্যয় করা হবে।
বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের অর্থায়ন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, গত এক যুগে জনগণের অর্থ দেশ থেকে পাচার হয়েছে। বর্তমান সরকার জনগণের অর্থ আর বিদেশে পাচার হতে দেবে না।
তিনি বলেন, “জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে এ অর্থ ব্যয় করা হবে। কাজেই, ইনশাআল্লাহ টাকার কোনো অভাব হবে না।”
অর্থ পাচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, সবাই সচেতন থাকলে দেশের অর্থ বিদেশে পাচার করা সম্ভব হবে না। সম্মিলিত পরিশ্রমের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা হবে।
সরকারের উন্নয়ন উদ্যোগে উপস্থিত মানুষের সমর্থন আছে কি না জানতে চাইলে চা শ্রমিকসহ উপস্থিত নারী-পুরুষ সমস্বরে ইতিবাচক জবাব দেন।
পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সংগীত ও বিএনপির দলীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে ১০ নারীর হাতে সরাসরি ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। পরে কম্পিউটারের বাটন চেপে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করেন তিনি।
একই অনুষ্ঠানে চা শ্রমিকদের আবাসন সমস্যা সমাধানে দুই লাখ টাকা করে অনুদান, তাঁদের সন্তানদের শিক্ষাবৃত্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সহায়তার চেক দেওয়া হয়।
বিএনপিকে গণমানুষের দল উল্লেখ করে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণই বিএনপির সবচেয়ে বড় শক্তি এবং সব ক্ষমতার উৎস। দেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে বারবার বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন