জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষ করে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে সচিবালয়ের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হন জোটটির নেতাকর্মীরা। পথে পুলিশ তাদের বাধা দেয়।
সচিবালয় ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতারা কর্মসূচিতে অংশ নেন।
এর আগে একই দাবিতে বেলা ১১টার পর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শুরু করে ১১ দলীয় ঐক্য। কর্মসূচি চলাকালে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীরা তা উপেক্ষা করে অবস্থান অব্যাহত রাখেন।
কর্মসূচিতে ডা. শফিকুর রহমান ছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. হামিদুর রহমান আযাদ এবং জাগপার সহসভাপতি ও মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচিতে নেতারা জ্বালানি ও গ্যাসসংকট নিরসন, বিদ্যুতের বিল ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবি জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন