তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
রোববার (২ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের মধ্যে এলপিজি ও অটোগ্যাসের মূল্য বাড়ানোর সিদ্ধান্তে গভীর উদ্বেগও প্রকাশ করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ এমনিতেই দিশেহারা। এর মধ্যে গৃহস্থালি ও যানবাহনে ব্যবহৃত এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়িয়ে ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপানো হয়েছে। তিনি সরকারের এ সিদ্ধান্তকে জনবিরোধী আখ্যা দিয়ে এর নিন্দা জানান।
তিনি বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ানো হয়েছে। এর প্রভাবে বিভিন্ন নিত্যপণ্যের মূল্যও বেড়েছে। নিম্নবিত্ত ও মধ্যবিত্তসহ বিভিন্ন শ্রেণির মানুষের আয় না বাড়লেও ব্যয় বেড়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
বিবৃতিতে তিনি জানান, ২ আগস্ট ভোক্তা পর্যায়ে বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা। এর আগে দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা।
এ ছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭৩ টাকা ৬৭ পয়সা।
মিয়া গোলাম পরওয়ার আশঙ্কা প্রকাশ করে বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধি দেশের উৎপাদন খাতসহ সব ক্ষেত্রে প্রভাব ফেলবে। দেশের চাহিদা পূরণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহার করে সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন