দেশের প্রশাসনিক কাঠামোয় আরও তিনটি উপজেলা ও একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুমোদন পাওয়া নতুন উপজেলাগুলো হলো চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গারা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। এ ছাড়া চট্টগ্রামে হালদা নামে একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে হালদা থানা প্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন করা হবে।
কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে বাঙ্গারা উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠিত হবে।
নতুন তিনটি উপজেলা গঠনের পর দেশে উপজেলার সংখ্যা দাঁড়াবে ৪৯৮টিতে। আর নতুন থানা যুক্ত হলে মোট থানার সংখ্যা হবে ৬৪০টি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, নিকার সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতাধীন অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সভায় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম এবং গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের উপস্থিত ছিলেন।
এ ছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার সভায় অংশ নেন।
অনুমোদিত প্রস্তাবগুলো পরবর্তী সময়ে সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে কার্যকর হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন