কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।
মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ২৩ সেপ্টেম্বর চকরিয়া উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকায় মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাতির প্রস্তুতির খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে রাত সাড়ে ৩টার দিকে লেফটেন্যান্ট নির্জনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়।
অভিযান চলাকালে একজন ডাকাতকে আটক করা হলে অন্যরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হলে গুরুতর আহত হন লেফটেন্যান্ট নির্জন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন