ভারতের নতুন দিল্লিতে ‘কাকরোচ জনতা পার্টি’র (সিজিপি) ‘সংসদ চলো’ পদযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে।
সোমবারের এ ঘটনায় জ্যেষ্ঠ কর্মকর্তাসহ অন্তত ১১৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির অভিযোগে প্রায় ৭০ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
দিল্লি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভকারীরা উচ্ছৃঙ্খল ও সহিংস আচরণ শুরু করেন। একপর্যায়ে তারা পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর ও বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন এবং একাধিক ব্যারিকেড ভেঙে ফেলেন বলে দাবি করেছে পুলিশ।
সহিংসতায় পুলিশের বিশেষ কমিশনার, যুগ্ম কমিশনার, অতিরিক্ত কমিশনার ও উপকমিশনারসহ শীর্ষপর্যায়ের কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন নারী পুলিশ সদস্যও রয়েছেন।
সংঘর্ষ চলাকালে প্রায় ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন বলেও পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে।
পুলিশের দাবি, বিক্ষোভকারীরা ১৫ থেকে ২০টি সরকারি গাড়িসহ সরকারি ও ব্যক্তিমালিকানাধীন বিভিন্ন সম্পত্তি ভাঙচুর করেছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
আটক প্রায় ৭০ জনের বিরুদ্ধে দাঙ্গা সৃষ্টি, সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ও অন্যান্য প্রাসঙ্গিক আইনে মামলা নথিভুক্ত করা হচ্ছে।
সংঘাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন