জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।
মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নির্বাচন-পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দুই দেশের বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের সমর্থন অব্যাহত থাকবে এবং বাংলাদেশে দেশটির বিনিয়োগ আরও বাড়বে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।
এ সময় সুইস রাষ্ট্রদূত বাংলাদেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং দেশে স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের ইতিবাচক ভূমিকা নিয়েও আলোচনা হয়।
ডা. শফিকুর রহমান সুইস রাষ্ট্রদূতকে তার সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি সবুজ জ্বালানি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও অন্যান্য সম্ভাবনাময় খাতে সুইজারল্যান্ডকে আরও এগিয়ে আসার আহ্বান জানান।
রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড প্রেস অফিসার খালেদ চৌধুরী।
বিরোধীদলীয় নেতার পক্ষে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর বৈঠকে উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন