প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশকে দিল্লির কৃতদাস হতে দেওয়া হবে না এবং দেশের জনগণও তা মেনে নেবে না।
মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত একটি মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলটির নেতাকর্মীদের কথিত উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিলটির আয়োজন করা হয়।
রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, বাংলাদেশে আর পতিত ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না। পাচার করা অর্থ ব্যবহার করে পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন