কৃষক অ্যাপ বা অনলাইন ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই সরকারি গুদামে ধান বিক্রির জন্য নিবন্ধন ও আবেদন করা যায় বলে জানিয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
মঙ্গলবার জাতীয় সংসদে যশোর-৪ আসনের বিরোধীদলীয় সদস্য মো. গোলাম রছুলের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
খাদ্য প্রতিমন্ত্রী বলেন, সাধারণ ও নিরক্ষর প্রান্তিক কৃষকেরাও নিজের বা পরিবারের কোনো সদস্যের স্মার্টফোন কিংবা কম্পিউটার ব্যবহার করে অন্যের সহায়তায় নিবন্ধন করতে পারবেন। ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা যেকোনো কম্পিউটার সেবার দোকান থেকেও ধান বিক্রির আবেদন করা যাবে।
তিনি জানান, কৃষি বিভাগ থেকে কোনো কৃষককে কৃষি কার্ড দেওয়া হলে তাকে কৃষক অ্যাপে নতুন করে নিবন্ধন করতে হবে না। কৃষক অ্যাপের সঙ্গে কৃষি কার্ডের তথ্যভান্ডার সরাসরি সমন্বয় করা হবে।
ধান সংগ্রহ কার্যক্রম চলাকালে কৃষকদের সহায়তায় প্রতিটি সরকারি খাদ্য গুদামে কৃষক সহায়তা বুথ স্থাপন করা হয়। এসব বুথ কৃষকদের জন্য একধরনের ওয়ান স্টপ সেবা হিসেবে কাজ করে বলে জানান প্রতিমন্ত্রী।
মো. আব্দুল বারী বলেন, সরকারি গুদামে ধান সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ করতে কৃষক অ্যাপের পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকেও ধান কেনা হচ্ছে। এ ক্ষেত্রে ‘আগে এলে আগে বিক্রির সুযোগ’ নীতি অনুসরণ করা হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন