প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর এ সফর বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে। সফরকালে বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে সরকার যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ নেবে বলে তিনি আশা করেন।
সরকারের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
দেশের উন্নয়ন কার্যক্রম ব্যাহত করতে একটি গোষ্ঠী অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, সরকার কোনো দেশবিরোধী কর্মকাণ্ড বরদাস্ত করবে না।
বিরোধী পক্ষের সমালোচনার জবাবে রিজভী বলেন, একটি মহল নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে। তবে তাদের অতীত ও বর্তমান কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন রয়েছে বলে তিনি দাবি করেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি দাবি করেন, বর্তমানে গুম, ক্রসফায়ার কিংবা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার সংস্কৃতি নেই। আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন