রাজস্ব আয় বৃদ্ধি ও করজাল সম্প্রসারণের লক্ষ্যে মুদিদোকানসহ ১৬টি ব্যবসা ও সেবাখাতকে সুনির্দিষ্ট মূল্য সংযোজন করের (ভ্যাট) আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার।
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মহিলা আসন-৩৫-এর সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরে ভ্যাটের আওতা বাড়াতে বেশ কয়েকটি ব্যবসা ও সেবাখাতকে সুনির্দিষ্ট কর ব্যবস্থার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রস্তাবিত খাতগুলোর মধ্যে রয়েছে মুদিদোকান, তৈরি পোশাক ও কাপড় বিক্রয়কেন্দ্র, কনফেকশনারি, প্রসাধনসামগ্রীর দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্যের দোকান এবং জুতা বিক্রয়কেন্দ্র।
এ ছাড়া হার্ডওয়্যার পণ্য বিক্রেতা, ডেকোরেটরস, মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক পণ্য বিক্রেতা, রং, হার্ডওয়্যার ও স্যানিটারি ফিটিংস ব্যবসা, টাইলসের দোকান, ডেকটাইল পণ্য বিক্রেতা, রড ও সিমেন্ট ব্যবসা, ফার্নিচার শোরুম, বিউটি পার্লার, মিশ্র ভাণ্ডার এবং রেস্টুরেন্টকে এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
অর্থমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট খাত থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ১ লাখ ৪৯ হাজার ৫৮৬ কোটি টাকা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন