লেবাননের দখলকৃত ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের একটি স্পষ্ট সময়সীমা নির্ধারণ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া যুদ্ধ সমাপ্তি চুক্তির আলোকে এ দাবি জানানো হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রোববার (২৮ জুন) এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির স্থায়িত্ব এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর অন্যতম শর্ত হলো লেবাননে ইসরাইলি সামরিক অভিযান বন্ধ করা ও সেখান থেকে ইসরাইলি সেনা পুরোপুরি প্রত্যাহার করা।
তিনি বলেন, লেবাননের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যেকোনো টেকসই চুক্তির জন্য অপরিহার্য।
ইরানের দাবি, গত এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তি এবং ১৮ জুনের সমঝোতা স্মারকে দুটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এগুলো হলো—ইরানের বিরুদ্ধে বৈরিতা বন্ধ করা এবং লেবাননে ইসরাইলের সামরিক অভিযান অবসান করা।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ মার্চ থেকে লেবাননে নতুন করে শুরু হওয়া ইসরাইলি অভিযানে অন্তত ৪ হাজার ২৪৬ জন নিহত এবং ১২ হাজার ১৯০ জন আহত হয়েছেন।
এদিকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ অব্যাহত রেখেছে। অন্যদিকে, ইসরাইলের যুদ্ধমন্ত্রী দক্ষিণ লেবাননে স্থায়ী অবস্থান নেওয়ার প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইসমাইল বাঘাই বলেন, ১৮ জুনের সমঝোতা স্মারকের প্রথম শর্ত অনুযায়ী লেবাননের সব অঞ্চলে হামলা বন্ধে ইসরাইলকে বাধ্য করার দায়িত্ব ওয়াশিংটনের।
জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের আলোকে ইরান এ দাবি জানিয়েছে বলে জানান তিনি। বাঘাই বলেন, লেবানন ও ইসরাইলের মধ্যে মার্কিন মধ্যস্থতায় ওয়াশিংটনে সই হওয়া ১৪ দফা চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকে ইসরাইলি সেনা প্রত্যাহারের দ্রুত ও সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে হবে।
সূত্র: প্রেসটিভি ও এক্সপ্রেস ট্রিবিউন
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন