দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সংকট চলছে উল্লেখ করে তা কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।
সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর সার্কিট হাউস রোডে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বোর্ড সভাকক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ‘গণমাধ্যমের স্বাধীনতা, আগ্রাসনরোধ ও জবাবদিহিমূলক কাঠামো’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্ব দিয়ে কাদের গনি চৌধুরী বলেন, ‘সাংবাদিকতা হবে পুরোপুরি সত্যের ওপর প্রতিষ্ঠিত। এখানে মিথ্যা কিংবা অর্ধসত্যের কোনো স্থান নেই এবং আপসেরও সুযোগ নেই।’
অপসাংবাদিকতার সমালোচনা করে তিনি বলেন, তথাকথিত ‘বগল সম্পাদকরা’ নামমাত্র পত্রিকা প্রকাশ করে বিভিন্ন সরকারি দপ্তরে তদবির-বাণিজ্যে জড়াচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ড এবং হলুদ সাংবাদিকতার কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।
কাদের গনি বলেন, ‘নিজের যা ইচ্ছা তা লিখে দেওয়া কখনো সাংবাদিকতা হতে পারে না। এ জন্য কঠোর জবাবদিহি প্রয়োজন। সাংবাদিকেরা সত্য লিখবেন, আর রাষ্ট্র তাদের নিরাপত্তা দেবে।’
সাংবাদিকদের নৈতিকতা ও বিবেকের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, সাংবাদিকদের স্বাধীন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিস্বার্থের কাছে আত্মসমর্পণ করলে সাধারণ মানুষের আস্থা হারাতে হয়।
বিগত গণ-অভ্যুত্থানের সময় তৎকালীন সরকারের অনুগত কিছু সাংবাদিকের ভূমিকারও সমালোচনা করেন বিএফইউজে মহাসচিব।
ভারতীয় গণমাধ্যমের বিরুদ্ধে বাংলাদেশের বিষয়ে ধারাবাহিকভাবে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তুলে কাদের গনি বলেন, প্রতিবেশী দেশের কিছু সংবাদমাধ্যমের অপপ্রচারের আগ্রাসনের শিকার হচ্ছে বাংলাদেশ।
তার দাবি, ২০২৫ সালে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অন্তত ১৪০টি ভুয়া প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা ও সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সেমিনারে সভাপতির বক্তব্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাছির জামাল বলেন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য।
তিনি বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক চাপমুক্ত পরিবেশ, সাংবাদিকদের নিরাপত্তা, ভুয়া তথ্য প্রতিরোধ এবং জবাবদিহিমূলক কাঠামোর সমন্বয়ের মাধ্যমে একটি শক্তিশালী, দায়িত্বশীল ও জনমুখী গণমাধ্যম ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এ বি এম রফিকুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদসহ বিভিন্ন সাংবাদিক নেতা বক্তব্য দেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন