আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘরটি চালু করা না হলে জনগণ নিজেরাই সেখানে প্রবেশ করবে।
বুধবার (১ জুলাই) রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের গণকবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাইয়ের হত্যাকাণ্ড-সংক্রান্ত মামলাগুলোর তদন্ত ও বিচার ধীরগতিতে চলছে। বিচারপ্রক্রিয়া দ্রুত করার দাবি জানান তিনি।
ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকর করার দাবিও জানান এনসিপির আহ্বায়ক।
হাসানুল হক ইনুকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অন্যতম সহযোগী উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তার ১০ বছরের সাজা যথেষ্ট নয়। আপিলের মাধ্যমে আরও কঠোর শাস্তি নিশ্চিত করার প্রত্যাশা জানান তিনি।
সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করলেই হবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্রকাঠামোর সংস্কার করতে হবে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনো কোনো কর্মসূচি ঘোষণা করেনি। দ্রুত কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন