ভারতীয় নাগরিক দাবি করা এক নারীকে বাংলাদেশি পরিচয়ে জোরপূর্বক সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠেছে। রেশমা খাতুন নামের ওই নারী বর্তমানে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে নিজ দেশে ফেরার উপায় খুঁজছেন।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে বেনাপোল সীমান্ত এলাকায় রেশমা খাতুনের সন্ধান পাওয়া যায়। এ সময় তার সঙ্গে একটি শিশু সন্তান ছিল। বাংলাদেশে কোনো আত্মীয়স্বজন বা পরিচিত ব্যক্তি না থাকায় তিনি চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে জানান।
রেশমা দাবি করেন, তিনি ভারতের নাগরিক। মুম্বাইয়ের একটি কারখানায় কাজ করার সময় পুলিশ তাকে এবং আরও কয়েকজনকে আটক করে। আটকের সময় তিনি বারবার নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিলেও পুলিশ তার কথা আমলে নেয়নি বলে অভিযোগ করেন।
পরে অন্যদের সঙ্গে তাকে বিমানে করে কলকাতায় নেওয়া হয়। সেখান থেকে গভীর রাতে চট্টগ্রাম সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন রেশমা।
বাংলাদেশে প্রবেশের পর কোনো পরিচিত ব্যক্তি না থাকায় তিনি বিপাকে পড়েন। পরে স্থানীয় কয়েকজন পথচারী তাকে সহায়তা করে বাসে তুলে বেনাপোলে পাঠিয়ে দেন। বর্তমানে তিনি ভারতে ফিরে যাওয়ার জন্য বিভিন্ন স্থানে যোগাযোগের চেষ্টা করছেন।
স্থানীয় সীমান্তবাসীরা জানান, রেশমা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক হলে মানবিক ও আইনি বিবেচনায় তাকে নিজ দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে ভারতীয় নাগরিক দাবি করা ওই নারী সীমান্ত এলাকায় ঘোরাফেরা করলেও সেখানে অবস্থানরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে তাৎক্ষণিক কোনো তৎপরতা দেখা যায়নি। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন