তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা বা চুক্তি যাতে কোনোভাবেই নস্যাৎ না হয়, তা নিশ্চিত করতে হবে।
শনিবার (৪ জুলাই) ইস্তাম্বুলে সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে যৌথ সভায় তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর অংশগ্রহণ ছাড়া কোনো সমাধানই দীর্ঘস্থায়ী হতে পারে না।
এরদোয়ান অভিযোগ করেন, ইসরায়েলি প্রশাসন ক্রমাগত যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। তিনি বর্তমান ইসরায়েলি সরকারকে যুদ্ধ-আসক্ত হিসেবে বর্ণনা করে বলেন, ‘আমাদের ভূগোলকে আবারও বারুদ ও রক্তে ভিজিয়ে দেওয়ার অনুমতি দেওয়া যাবে না।’
তুর্কি প্রেসিডেন্ট পূর্বেও একাধিকবার ইসরায়েলের বিরুদ্ধে এই চুক্তি নস্যাৎ করার চেষ্টা ও গাজা, লেবানন ও সিরিয়ায় চলমান হামলার নিন্দা জানিয়েছেন।
গত সপ্তাহে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পরোক্ষ আলোচনায় বসেন। সমঝোতা স্মারকে অন্তর্ভুক্ত রয়েছে ৬০ দিনের যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় খোলা, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের রূপরেখা।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী জানিয়েছেন, চুক্তি লঙ্ঘন বা শর্ত ভঙ্গের কোনো ঘটনা ঘটলে তা সরাসরি জানাতে তেহরান ওয়াশিংটনের সঙ্গে বিশেষ ‘যোগাযোগ চ্যানেল’ তৈরি করবে। যদিও সমঝোতার শর্ত নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান গত সপ্তাহেও একে অপরের ওপর পাল্টা সামরিক হামলা চালায়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন