কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ৮ জন এবং কক্সবাজার শহরে পাহাড়ধসে ১ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে কক্সবাজারসহ ঝুঁকিপূর্ণ এলাকায় কার্যকর ও দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে দলটি।
দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তারা শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ধসের ঘটনায় মানুষের প্রাণহানি ঘটলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা অত্যন্ত উদ্বেগজনক। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা এবং আশ্রয়শিবিরে বসবাসকারী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে।
তারা আহতদের দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ, নিরাপদ আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এবি পার্টির নেতারা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা, আগাম সতর্কতা জোরদার, নিরাপদ স্থানে স্থানান্তর এবং টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন