বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের বিশেষ সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, এসব পরীক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষার সময় অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিতে পারবে।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ ধারায় দেওয়া এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ভারী বর্ষণ ও প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
চট্টগ্রাম বোর্ডের বাইরেও দেশের বিভিন্ন জেলার কিছু পরীক্ষার্থী বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে জানান তিনি।
আ ন ম এহসানুল হক মিলন বলেন, প্রতিকূল আবহাওয়া বা অন্য কোনো অনিবার্য কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সময় একই প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবে।
এইচএসসি পরীক্ষাকে শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ উল্লেখ করে তিনি বলেন, বিশেষ বিবেচনায় অনুপস্থিত পরীক্ষার্থীদের এ সুযোগ দেওয়া হচ্ছে।
পদার্থবিজ্ঞানের দুই প্রশ্নে পূর্ণ নম্বর
পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুল থাকার বিষয়েও সংসদে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, প্রশ্নপত্র প্রণয়নে ত্রুটির জন্য দায়ী ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পরীক্ষার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন