জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জাতীয় সংসদে অনুষ্ঠিত ‘Parliament’s Role in Realising SDGs and ICPD Commitments’ শীর্ষক অবহিতকরণ কর্মশালায় সংসদ সদস্যদের এসডিজি ও আইসিপিডি অঙ্গীকার বাস্তবায়নে আরও কার্যকর ও জনসম্পৃক্ত ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
বক্তব্যের শুরুতে তিনি বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ডেপুটি স্পিকার বলেন, তিনি শুধু সংসদীয় দায়িত্বে নয়, একজন সংসদ সদস্য হিসেবেও কর্মশালায় অংশ নিয়েছেন। তিনি এই ধরনের কর্মশালাকে আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে বাস্তব কর্মপরিকল্পনায় রূপ দিতে এবং নিজ নিজ নির্বাচনি এলাকায় জনগণকে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন।
কায়সার কামাল উল্লেখ করেন, নারীর ক্ষমতায়ন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সংসদ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা এবং কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে এসব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণকে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা যেতে পারে। জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
ডেপুটি স্পিকার বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় ও হাওরাঞ্চলে স্বাস্থ্যসেবা, পরিবেশ ও জীবিকার ওপর যে প্রভাব পড়ছে, তা মোকাবিলায় স্থানীয় বাস্তবতাভিত্তিক পরিকল্পনা প্রয়োজন। অতিবৃষ্টি, বন্যা, জলাবদ্ধতা, নদী ও হাওরে পলি জমাসহ বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেন। তিনি বলেন, স্কুলভিত্তিক গণসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তরুণদের সম্পৃক্ত করা সম্ভব, যা সংসদ সদস্যদের সরাসরি অংশগ্রহণকে কার্যকর করবে।
ডেপুটি স্পিকার আশা প্রকাশ করেন, কর্মশালার সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে এসডিজি ও আইসিপিডির অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় সংসদের ভূমিকা আরও শক্তিশালী হবে এবং এর সুফল জনগণ ভোগ করবে।
কর্মশালায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রধান অতিথি, চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি বিশেষ অতিথি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে হুইপ, সংসদ সদস্য, ইউএনএফপিএ প্রতিনিধি ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন