আওয়ামী লীগ সরকারের আমলে যেমন ‘উন্নয়নের গণতন্ত্র’ প্রতিষ্ঠার চেষ্টা হয়েছিল, তেমনি বর্তমান সরকার যদি ‘ফ্যামিলি কার্ডের গণতন্ত্র’ ও ‘কৃষি কার্ডের গণতন্ত্র’ দিয়ে জনগণকে সন্তুষ্ট করতে চায়, তাহলে এর পরিণতিও ভিন্ন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ১১ দলীয় ঐক্য আয়োজিত জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন।
‘জুলাই অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার মানবতাবিরোধী অপরাধের বিচার ও আমাদের দায়বদ্ধতা’ শীর্ষক এ সেমিনারে মামুনুল হক বিএনপির সমালোচনা করে বলেন, ছোটবেলায় খেলাধুলায় অংশ নিতে না পারা শিশুদের ‘দুধভাত’ হিসেবে দলে রাখা হতো।
তিনি বলেন, “আমরা আমাদের জোটের মধ্যে বিএনপিকে দুধভাত হিসেবে রাখতে চেয়েছিলাম। কিন্তু তারা এখন ফাউল করা শুরু করেছে। সেই ফাউলের কারণে যদি তারা লাল কার্ড পেয়ে যায়, তাহলে বিএনপির পরিণাম ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই।”
মামুনুল হক বলেন, অতীতে বিভিন্ন স্বৈরাচারবিরোধী আন্দোলনের পর বিএনপির ওপর নির্ভর করে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে বলে তারা মনে করেন। তার অভিযোগ, ক্ষমতায় যাওয়ার পর বিএনপি প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়ন করেনি।
তিনি বলেন, এবার বিএনপির ওপর নির্ভর না করে বিকল্প পথ বেছে নেওয়া হচ্ছে। বিএনপি যদি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে তাদের ঐক্য আরও শক্তিশালী হবে এবং তা একসময় গণআন্দোলনে পরিণত হতে পারে।
জুলাই জাদুঘর দ্রুত চালুর দাবি জানিয়ে মামুনুল হক বলেন, জুলাই মাসের মধ্যেই এটি চালু করা উচিত। নিয়মতান্ত্রিকভাবে তা না হলে এ বিষয়েও বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে।
জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, জুলাই বিপ্লবকে কেউ আটকে রাখতে পারবে না। বিএনপি, আওয়ামী লীগ বা অন্য কোনো শক্তি মিলেও এ চেতনাকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন