চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর উত্তরার সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুরে পরীক্ষা শেষ হওয়ার পর উত্তরার বিএনএস সেন্টার এলাকায় জড়ো হতে শুরু করেন তারা।
শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে লংমার্চ করার পরিকল্পনা রয়েছে তাদের। টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া আন্দোলনকারী শেখ রিফাত বলেন, বন্যাকবলিত ও জলাবদ্ধ এলাকার অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছে না। এতে শিক্ষার্থীদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
চলমান পরীক্ষা স্থগিত করে নতুন সময়সূচি প্রকাশসহ তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
এদিকে শিক্ষার্থীদের অবস্থান ও মিছিলের কারণে উত্তরার বিএনএস সেন্টার, আজমপুর, জসিমউদ্দীন এবং আশপাশের সড়কে যান চলাচল ধীর হয়ে পড়েছে। কয়েকটি স্থানে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় যাত্রী ও কর্মস্থলগামী মানুষ ভোগান্তিতে পড়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় একই দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরীক্ষা স্থগিতের ঘোষণা না আসায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সচিবালয় অভিমুখে লংমার্চের ডাক দেওয়া হয়।
শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তরা ও সচিবালয় এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন