সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বড় একটি অংশ জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও পথচারীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রাজধানীর বেশ কয়েকটি প্রধান সড়ক ও আবাসিক এলাকার রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলছে ধীরগতিতে। বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গ্রীন রোড, তেজতুরী বাজার, পান্থপথ, বসুন্ধরা আবাসিক এলাকা, মনিপুর, ধানমন্ডি ২৭ ও ৩২, মোহাম্মদপুর, শেওড়াপাড়া, কালশী ও উত্তরায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
গতকালের বৃষ্টির পানি পুরোপুরি না নামায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বেশ কিছু নিচু এলাকায় হাঁটুসমান পানি জমে থাকায় গাড়ির গতি কমে গেছে। এসব এলাকায় দীর্ঘ যানজটও দেখা দিয়েছে।
অলিগলিতে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় অনেক মানুষকে মূল সড়ক দিয়ে হাঁটতে দেখা গেছে। চলন্ত গাড়ির চাকার ঢেউয়ে অনেক পথচারী নোংরা পানিতে ভিজে দুর্ভোগে পড়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, বনানী কবরস্থানের পেছনে ঢাকা গেট-সংলগ্ন মূল সড়কের দুই পাশের জলাবদ্ধতায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
পানি জমে থাকায় বনানী-কাকলী এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক্সিট র্যাম্পেও গাড়ি ধীরগতিতে চলেছে। ইসিবি চত্বর এলাকায় ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনে পানি জমায় মিরপুর ডিওএইচএস ও কালশী থেকে ইসিবি হয়ে মাটিকাটা উড়ালসড়কের দিকে যাওয়া যানবাহনের গতিও কমে গেছে।
জমে থাকা বৃষ্টির পানি এবং ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর কাজ চলায় যমুনা ফিউচার পার্কের সামনের সড়কেও যানবাহন ধীরগতিতে চলছে।
গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, দিনভর বৃষ্টি অব্যাহত থাকলে এসব এলাকায় জলাবদ্ধতা আরও বাড়তে পারে। এ অবস্থায় নগরবাসীকে হাতে বাড়তি সময় নিয়ে বের হতে এবং সম্ভব হলে বিকল্প পথ ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন