তরুণ স্টার্টআপ উদ্যোক্তাদের জামানত ছাড়াই ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উদ্যোগ বাস্তবায়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় থেকে ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, ভালো স্টার্টআপ ধারণা থাকা সত্ত্বেও জামানত না থাকায় যেসব তরুণ উদ্যোক্তা ব্যাংকঋণ পান না, তাদের জন্য সরকার কী পদক্ষেপ নিচ্ছে।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, তরুণ উদ্যোক্তাদের এ সমস্যার বিষয়ে সরকার অবগত। তাদের সহযোগিতায় আইসিটি মন্ত্রণালয় থেকে ৫০০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। একজন স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা করার চেষ্টা করা হবে।
তিনি বলেন, ব্যাংকঋণ পেতে উদ্যোক্তাদের জামানত, নিরাপত্তা ও বিভিন্ন কাগজপত্র জমা দেওয়ার জটিলতার মুখোমুখি হতে হয়। এই সমস্যা এড়াতে একটি নিরপেক্ষ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা রাখা হয়নি।
প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, কমিটি উদ্যোক্তাদের প্রকল্প, সম্ভাবনা ও কার্যকারিতা যাচাই করে অর্থায়নের সিদ্ধান্ত নেবে।
অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, উদ্যোক্তাদের যে অর্থ দেওয়া হবে, তা জনগণের অর্থ। কোনো উদ্যোগ শুরুতে প্রত্যাশিত সাফল্য না পেলেও প্রকল্পটির সম্ভাবনা থাকলে দ্বিতীয়বার অর্থায়নের বিষয়টি বিবেচনা করা হবে।
তিনি বলেন, অনেক ব্যবসা শুরুতেই ভালো ফল দেয় না। তবে সম্ভাবনাময় উদ্যোগগুলোকে পুনরায় সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়া এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন