টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করে বগুড়া ও বরিশালে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
বৈরী আবহাওয়ায় পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও শিক্ষাসচিবের অপসারণের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর সাতমাথা এলাকা থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। দুপুর ১২টার দিকে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পৌঁছায়। পরে সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা।
সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়।
এদিকে দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে যায়। এতে যাত্রী ও সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি প্রচলিত পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের দাবি জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন