কিয়ার স্টারমারের পদত্যাগের পর যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম। দলটির নেতৃত্ব গ্রহণের পর সোমবার (২০ জুলাই) আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় বসছেন ৫৬ বছর বয়সী ‘কিং অব দ্য নর্থ’ খ্যাত এই নেতা।
যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী, রাজা তৃতীয় চার্লস কিয়ার স্টারমারের পদত্যাগপত্র গ্রহণের পর অ্যান্ডি বার্নহ্যামকে প্রাসাদে আমন্ত্রণ জানিয়ে সরকার গঠনের আহ্বান জানাবেন।
রাজার আমন্ত্রণ গ্রহণের মুহূর্ত থেকেই বার্নহ্যাম আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হবেন। ঐতিহ্যবাহী এ প্রক্রিয়া ‘কিসিং হ্যান্ডস’ নামে পরিচিত। এরপর নতুন প্রধানমন্ত্রী ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে গিয়ে জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন।
অ্যান্ডি বার্নহ্যাম ২০১৭ সালে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র নির্বাচিত হন। কোভিড-১৯ মহামারির সময় উত্তর ইংল্যান্ডের অধিকার ও আঞ্চলিক উন্নয়নের পক্ষে ভূমিকার কারণে তিনি ‘কিং অব দ্য নর্থ’ হিসেবে পরিচিতি পান। সম্প্রতি একটি উপনির্বাচনে জয়ী হয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে ফেরেন তিনি।
গত ২২ জুন বিতর্কিত নিয়োগ নিয়ে সমালোচনার মুখে কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দিলে লেবার পার্টিতে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকা এবং প্রয়োজনীয় সংসদীয় সমর্থন পাওয়ায় দলটির নেতা নির্বাচিত হন বার্নহ্যাম।
দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনীতিতে নতুন কিছু আনার যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম, তা রক্ষা করব। জীবনযাত্রার ব্যয় কমানো ও আঞ্চলিক বৈষম্য দূর করাই হবে আমার সরকারের মূল লক্ষ্য। আমি নির্দিষ্ট কোনো অঞ্চলের জন্য নয়, বরং পুরো যুক্তরাজ্যের নেতৃত্ব দেব।’
যুক্তরাজ্যের সংসদীয় ব্যবস্থায় ক্ষমতাসীন দল নেতা পরিবর্তন করলে নতুন করে সাধারণ নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা নেই। দলটির নতুন নেতা সরাসরি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে পারেন।
সে অনুযায়ী, ২০২৪ সালের নির্বাচনের পর যুক্তরাজ্যে পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৯ সালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন