রাষ্ট্রপতির দায়িত্ব শেষ হওয়ার পর একজন সাবেক রাষ্ট্রপতি কী কী সুযোগ-সুবিধা পাবেন, তা নির্ধারণ করা হয়েছে রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইনে।
আইন অনুযায়ী, কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে কমপক্ষে ছয় মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করলে অথবা তাঁর মেয়াদ শেষ হলে মৃত্যুর আগপর্যন্ত সর্বশেষ মাসিক বেতনের ৭৫ শতাংশ হারে অবসর ভাতা পাবেন।
‘দ্য প্রেসিডেন্টস (রিমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫’ অনুযায়ী রাষ্ট্রপতির মাসিক বেতন ১ লাখ ২০ হাজার টাকা। সে হিসাবে দায়িত্ব শেষে একজন সাবেক রাষ্ট্রপতি প্রতি মাসে ৯০ হাজার টাকা অবসর ভাতা পাওয়ার যোগ্য হবেন।
তবে রাষ্ট্রপতি হওয়ার আগে অন্য কোনো চাকরি বা পদ থেকে অবসর নিয়ে ভাতা গ্রহণ করলে তিনি আগের অবসর ভাতা এবং রাষ্ট্রপতির অবসর ভাতার মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবেন।
অবসর ভাতা গ্রহণকারী সাবেক রাষ্ট্রপতি মারা গেলে তাঁর বিধবা স্ত্রী অথবা ক্ষেত্রমতে বিপত্নীক স্বামী প্রাপ্য অবসর ভাতার দুই-তৃতীয়াংশ হারে আমৃত্যু মাসিক ভাতা পাবেন।
অবসর ভাতার পরিবর্তে এককালীন
একজন সাবেক রাষ্ট্রপতি চাইলে মাসিক অবসর ভাতার পরিবর্তে এককালীন আনুতোষিক গ্রহণ করতে পারবেন। এ জন্য অবসর ভাতা পাওয়ার যোগ্যতা অর্জনের এক মাসের মধ্যে আনুতোষিক গ্রহণের ইচ্ছার কথা জানাতে হবে।
আনুতোষিকের পরিমাণ নির্ধারণ করা হবে রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনের সময়ের ভিত্তিতে। এক বছরের জন্য প্রদেয় অবসর ভাতার যত গুণ বছর তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, তত গুণ অর্থ আনুতোষিক হিসেবে পাবেন। এ ক্ষেত্রে আংশিক বছরকেও পূর্ণ বছর হিসেবে গণনা করা হবে।
কোনো ব্যক্তি ছয় মাসের বেশি সময় রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনকালে আনুতোষিক নেওয়ার ইচ্ছা প্রকাশ না করে অথবা অবসর ভাতা গ্রহণের আগেই মারা গেলে তিনি আনুতোষিক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে গণ্য হবেন। তখন মনোনীত ব্যক্তি অথবা তাঁর উত্তরাধিকারীরা ওই অর্থ পাবেন।
ব্যক্তিগত সহকারী ও চিকিৎসা সুবিধা
অবসরের পর একজন সাবেক রাষ্ট্রপতি একজন ব্যক্তিগত সহকারী এবং একজন অ্যাটেনডেন্ট বা সাহায্যকারী পাবেন। তিনি দাপ্তরিক ব্যয়ও পাবেন, যার বার্ষিক পরিমাণ সরকার সময় অনুযায়ী নির্ধারণ করবে।
এ ছাড়া একজন মন্ত্রীর জন্য নির্ধারিত চিকিৎসাসুবিধার সমপরিমাণ চিকিৎসাসুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি।
যানবাহন, টেলিফোন ও কূটনৈতিক পাসপোর্ট
সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য একজন সাবেক রাষ্ট্রপতি বিনা মূল্যে সরকারি যানবাহন ব্যবহার করতে পারবেন। তাঁর বাসভবনে একটি টেলিফোন সংযোগ থাকবে এবং সরকার নির্ধারিত সীমা পর্যন্ত এর বিল পরিশোধ থেকে অব্যাহতি দেওয়া হবে।
সাবেক রাষ্ট্রপতি একটি কূটনৈতিক পাসপোর্টও পাবেন। দেশের ভেতরে ভ্রমণের সময় তিনি সরকারি সার্কিট হাউস বা রেস্টহাউসে বিনা ভাড়ায় অবস্থান করতে পারবেন।
চিকিৎসাসুবিধা, কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের ভেতরে সরকারি সার্কিট হাউস বা রেস্টহাউসে বিনা ভাড়ায় থাকার সুবিধা তাঁর স্ত্রীও পাবেন।
যেসব ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে না
আইনে কয়েকটি পরিস্থিতিতে সাবেক রাষ্ট্রপতির অবসর ভাতা ও অন্যান্য সুবিধা না দেওয়ার বিধান রয়েছে।
রাষ্ট্রপতির দায়িত্ব শেষ হওয়ার পর কোনো ব্যক্তি এমন কোনো দপ্তর, আসন, পদ বা মর্যাদায় দায়িত্ব পালন করে সংযুক্ত তহবিল থেকে বেতন অথবা অন্য সুবিধা পেলে তিনি রাষ্ট্রপতির অবসর ভাতা ও সংশ্লিষ্ট সুবিধা পাবেন না।
অবসর ভাতা পাওয়ার যোগ্যতা অর্জনের পর আদালতে নৈতিক স্খলনজনিত কোনো অপরাধে দণ্ডিত হলেও এসব সুবিধা পাওয়া যাবে না।
একইভাবে উচ্চ আদালত যদি ঘোষণা করেন যে কোনো ব্যক্তি অসাংবিধানিক পন্থা বা অবৈধ উপায়ে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হয়েছেন, তাহলে তিনিও সাবেক রাষ্ট্রপতির অবসর ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন না।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন