যাবতীয় বাধা-বিপত্তি অতিক্রম করে দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ের নভোথিয়েটারে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘উচ্চপ্রযুক্তির আন্তর্জাতিক বাজারে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিতে সেমিকন্ডাক্টর খাতকে জাতীয় অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। সঠিক রূপরেখা ও বাস্তবায়নের মাধ্যমে ২০৩০ সালের মধ্যেই বাংলাদেশ সেমিকন্ডাক্টর শিল্পের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে সক্ষম হবে।’
বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) ও সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সামিটের আয়োজন করা হয়েছে।
আয়োজকেরা জানিয়েছেন, সম্মেলনে নীতিনির্ধারক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। দুই দিনে ১১টি প্লেনারি সেশন, সাতটি কৌশলগত প্যানেল আলোচনা ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
সম্মেলনে মূল বক্তব্য দেবেন প্রযুক্তি প্রতিষ্ঠান টেক্সাস ইনস্ট্রুমেন্টসের চিফ টেকনোলজি অফিসার ড. আহমেদ বাহাই এবং পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিমিত্রিওস পেরুলিস।
এ ছাড়া গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপলাইড ম্যাটেরিয়ালস, স্যান্ডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্সের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন।
সামিটের পাশাপাশি অনুষ্ঠিত হবে ‘বিইএআর ইনোভেশন এক্সপো ২০২৬’। এতে শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, স্বাস্থ্যপ্রযুক্তি এবং অন্যান্য ডিপ-টেক খাতের উদ্ভাবন ৩৫টি স্টলে প্রদর্শন করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন