বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একই সঙ্গে চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৮০ কোটি ২৬ লাখ ডলার রেমিট্যান্স।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ২২ জুলাই পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪৬৫ দশমিক ৬৮ মিলিয়ন ডলার, যা প্রায় ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ বা বিপিএম-৬ পদ্ধতিতে দেশের রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৭৭০ দশমিক ০৮ মিলিয়ন ডলার। বিলিয়ন হিসাবে এর পরিমাণ ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।
এদিকে জুলাইয়ের প্রথম ২০ দিনে দেশে মোট ১৮০ কোটি ২৬ লাখ ডলার প্রবাসী আয় এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ কোটি ৭৮ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৫২ লাখ ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৬ কোটি ৬৪ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল ও শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন