সংস্কার বাস্তবায়ন না হলে রাজনৈতিক শক্তির ‘সব পাখনা ভেঙে মাটিতে পড়ে যাবে’ বলে বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (২২ জুলাই) বিকেলে কুড়িগ্রামে এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।
বিএনপির উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ইলেকশন করে গদি মোটা হয়ে গেছে, এখন আর জনগণকে গোনার সময় নেই। সেই জনগণ এখনো বাংলাদেশে আছে। যাদের শেখ হাসিনা গণনায় নেননি, সেই জনগণই তার গদিতে আগুন লাগিয়েছিল। শেখ হাসিনার আসন আরও বেশি ছিল। দুইশ আসন পেয়ে তারেক রহমানের এমন পাখনা গজিয়েছে যে তিনি আকাশে উড়ছেন। আমরা বলে দিতে চাই, বাংলাদেশে সংস্কার না হলে সব পাখনা ভেঙে মাটিতে পড়ে যাবে।”
সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, গত ৫৩ বছরে সংঘটিত নির্যাতন, লুণ্ঠন ও হত্যাকাণ্ডের বৈধতা দেওয়া প্রতিষ্ঠান ও কাঠামো টিকিয়ে রাখার চেষ্টা চলছে। জনগণ পুরোনো সংবিধান আঁকড়ে রাখার প্রচেষ্টার বিরুদ্ধে গর্জে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমানকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আপনার বাবা যখন ক্ষমতায় এসেছিলেন, তখন সামরিক গোয়েন্দা সংস্থা ও ক্যান্টনমেন্ট ব্যবহার করেছিলেন। আমরা সেই ইতিহাস ভুলিনি। তবে তিনি যাদের দলে এনেছিলেন, তাদের কেনাবেচা করে আনেননি। তারা একটি অভ্যুত্থানকে সংগঠিত করেছিলেন এবং ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে বাংলাদেশের কথা বলেছিলেন।”
তিনি আরও অভিযোগ করেন, তারেক রহমান তার বাবা ও মায়ের রাজনৈতিক পথ থেকে সরে গিয়ে ভারতঘনিষ্ঠ শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন। এ সময় তাকে রাজনৈতিক অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানান এনসিপির এই নেতা।
পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেন, বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমে বিএনপি, ছাত্রদল ও যুবদলের পরিচয়ধারী নেতাকর্মীরা প্রভাব বিস্তার করছেন। তাদের হস্তক্ষেপে থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, জাতীয় নাগরিক পার্টি মানুষের ভোটাধিকার, কর্মসংস্থান, সম্প্রীতি ও জাতীয় স্বার্থের পক্ষে কথা বলে। সব ধর্ম, শ্রেণি-পেশা ও লিঙ্গের মানুষকে সঙ্গে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়াই দলটির লক্ষ্য বলে জানান তিনি।
পথসভায় কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং কুড়িগ্রাম পৌরসভার এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে যথাক্রমে জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্যসচিব মাসুম মিয়ার নাম পরিচয় করিয়ে দেন আখতার হোসেন।
গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম কলেজ মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভ থেকে পদযাত্রা শুরু হয়। পরে তা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মুকুল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, সদস্যসচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সদস্যসচিব দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা ও সদস্যসচিব মেরিনা আক্তার।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন