ভারতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। একই সঙ্গে আন্দোলনটিকে রাজনৈতিকভাবে ব্যবহার বা ‘হাইজ্যাক’ না করার আহ্বান জানিয়েছেন তিনি।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সালমান খান শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করেন।
ইনস্টাগ্রামে নিজের স্কুলজীবনের একটি পুরোনো ছবি শেয়ার করে তিনি লেখেন, প্রশ্নপত্র ফাঁস অত্যন্ত গুরুতর বিষয়। এটি মূলত শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত একটি সংকট। তাই বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়া উচিত নয়।
সালমান খান বলেন, আন্দোলনের কৃতিত্ব দেশের শিক্ষার্থীদেরই প্রাপ্য। শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের ভবিষ্যতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন ও শান্তিপূর্ণ অবস্থান নেওয়ায় তারা প্রশংসার দাবিদার।
তিনি সতর্ক করে বলেন, কোনো রাজনৈতিক স্বার্থের কারণে আন্দোলনের মূল উদ্দেশ্য যেন আড়াল না হয়ে যায়। প্রশ্নপত্র ফাঁসের মতো সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে বিভাজন সৃষ্টি বা রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
সালমান খানের ভাষ্য, এ সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকার শিক্ষার্থীদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন