জাতীয় সংসদের আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠেয় বৈঠকে প্রশ্নোত্তরের পাশাপাশি সদস্যদের পাঁচটি সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন, বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
সংসদের প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া হবে। এরপর বিধি-৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের আওতায় প্রাপ্ত নোটিশসমূহ নিষ্পত্তি করা হবে।
কার্যসূচিতে বেসরকারি সদস্যদের পাঁচটি সিদ্ধান্ত প্রস্তাবও রয়েছে। এসব প্রস্তাবের মধ্যে রংপুর সুগার মিলস লিমিটেড পুনরায় চালু করা, ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন, ফেনী জেলা সদরে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় ২০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল গড়ে তোলা এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের সাতটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের বিষয় অন্তর্ভুক্ত আছে।
এ ছাড়া বরিশাল-৩ আসনের সদস্য জয়নুল আবেদীন বিশেষ কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপন করবেন। দিনের কার্যসূচির শেষাংশে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন