দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে চলতি এপ্রিল মাসে ঝিনাইদহ ও ফেনীতে দুটি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মন্ত্রী জানান, দিনাজপুরের কাহারোল উপজেলার একটি খালের উদ্বোধনী কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং সেখানে খননকাজ চলমান রয়েছে। এ ধারাবাহিকতায় এপ্রিলে আরও দুটি খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর একটি ঝিনাইদহের শৈলকুপায় এবং অন্যটি ফেনীতে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সরাসরি দুই জেলায় উপস্থিত থেকে এসব কর্মসূচির উদ্বোধন করবেন। একই সঙ্গে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও বিভিন্ন জেলায় চলমান কার্যক্রম তদারকি করছেন।
সভায় ১৮০ দিনের নির্ধারিত সময়ের মধ্যে খাল খনন কার্যক্রম সম্পন্ন করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান পানিসম্পদ মন্ত্রী। তিনি বলেন, ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা দ্রুত বাস্তবায়ন ও দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, দেশের অনেক নদী দখল ও দূষণের কারণে নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। খাল পুনঃখনন ও পুনরুদ্ধার কার্যক্রম বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা রয়েছে। কোথাও শিল্পকারখানার বর্জ্য জমে আছে, আবার কোথাও খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে।
এসব খাল পুনরুদ্ধারে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে সমস্যাগুলো সমাধান করে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি বর্তমানে কারিগরি পর্যায়ে আলোচনায় রয়েছে এবং বিশেষজ্ঞরা নিয়মিত কাজ করছেন।
এ ছাড়া ভারত-বাংলাদেশ গঙ্গা চুক্তির মেয়াদ নিয়ে তিনি বলেন, এ বিষয়ে টেকনিক্যাল টিম কাজ করছে এবং নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন