‘এখন টিভি’র চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটি এবং পরবর্তীতে চাকরিচ্যুত করার প্রতিবাদে টেলিভিশনটির সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিক এবং সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতারা।
সোমবার (১১ মে) সকালে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা বলেন, যে পরিবর্তনের জন্য রাজপথে রক্ত ঝরেছে, সেই বাস্তবতায় মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকদের অধিকার কেড়ে নেওয়া কোনোভাবেই কাম্য নয়।
তারা বলেন, অভ্যুত্থানের পক্ষের কলম সৈনিকদের এভাবে শাস্তি দেওয়া হলে তা নতুন বাংলাদেশের লক্ষ্যকে ব্যাহত করবে।
সংবাদকর্মী ও সাধারণ নাগরিকরা অবিলম্বে এ সিদ্ধান্তের সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। একই সঙ্গে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা চার সাংবাদিকের পুনর্বহালের জোর দাবি জানান তারা।
বক্তারা পরিস্থিতি মোকাবিলায় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগ উঠেছে, কোনো প্রশাসনিক কারণ ছাড়াই ‘ফ্যাসিবাদী কায়দায়’ চার সাংবাদিককে জোরপূর্বক ছুটিতে পাঠিয়ে পরে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এখন টিভির অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ ও বিশেষ প্রতিনিধি মাহমুদ রাকিব, বিশেষ প্রতিনিধি মুজাহিদ শুভ, সিনিয়র রিপোর্টার মোহাম্মদ আজহারুজ্জামান এবং সিনিয়র রিপোর্টার ও ডেপুটি অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ বেলায়েত হোসেনকে শোকজ করে কর্তৃপক্ষ।
পরে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। অভিযোগ রয়েছে, কোনো প্রশাসনিক কারণ ছাড়াই তাদের চাকরিচ্যুত করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন