কর্মঘণ্টার অতিরিক্ত দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য বিশেষ নীতিমালার ভিত্তিতে ওভারটাইম ভাতা দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উদ্যাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে পুলিশ সদস্যদের মনোবল বাড়বে এবং সেবার মান আরও উন্নত হবে।
তিনি বলেন, পুলিশ বাহিনীকে জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আর্থিক সংগতি ও সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, অনেক পুলিশ কনস্টেবল ৪০ বছর চাকরি করে অবসর নিলেও পরবর্তী পদোন্নতি পান না। এ কারণে বিশেষ নীতিমালা ও সন্তোষজনক চাকরির রেকর্ড বিবেচনায় অবসরকালীন সময়ে কিছুসংখ্যক পুলিশ সদস্যকে অনারারি পদোন্নতি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, কনস্টেবল থেকে অনারারি সহকারী উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক থেকে অনারারি উপপরিদর্শক এবং উপপরিদর্শক থেকে অনারারি পরিদর্শক পদে পদোন্নতির বিষয়টি বিবেচনা করা হবে।
মন্ত্রী আরও বলেন, পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য বিশেষ নীতিমালার ভিত্তিতে ওভারটাইম ভাতা দেওয়ার কথা ভাবছে সরকার। এ ক্ষেত্রে ইন্সপেক্টরের নিচে কনস্টেবল পদ পর্যন্ত পুলিশ সদস্যদের ওভারটাইম ভাতা বিবেচনা করা হতে পারে।
দীর্ঘ কর্মঘণ্টা ও কাজের চাপের বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালের সুযোগ-সুবিধা বাড়িয়ে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে।
প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর আরও উন্নত হাসপাতাল নির্মাণের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, পুলিশের বিভিন্ন ইউনিটের ভবন বা কার্যালয় নির্মাণ এবং আবাসন সমস্যা দূরীকরণে বর্তমান সরকার আন্তরিক। এ ক্ষেত্রে ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় অর্থের সংস্থান সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন