বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
সোমবার দুপুরে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে এ মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
মধ্যাহ্নভোজের পর প্রধানমন্ত্রীর বাসভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মালয়েশিয়ার শিল্পীরা বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন। এ সময় স্কুলশিক্ষার্থীরা ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ’ গানটি পরিবেশন করে।
দুই প্রধানমন্ত্রী এবং তাদের সহধর্মিণীরা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠান শেষে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান ভবন থেকে বের হলে প্রবেশপথের দুই পাশে দাঁড়িয়ে থাকা মালয়েশিয়ার শিশু-কিশোররা বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা নেড়ে তাদের স্বাগত জানায়। এ সময় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী শিশুদের সঙ্গে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
পরে বাসভবনের সামনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে বিদায় জানান।
এরপর তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মোটর শোভাযাত্রাসহ কুয়ালালামপুরের শাংগ্রিলা হোটেলের উদ্দেশে রওনা হন। সেখানে প্রধানমন্ত্রীর কয়েকটি নির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন