বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ আগস্ট নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে মোট ৯৬তমবার প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউশন বিভাগের এসআই রোকুনুজ্জামান।
নির্ধারিত দিনে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তদন্তকারী সংস্থা সিআইডি প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করা হয়।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোডের মাধ্যমে জালিয়াতি করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই অর্থ ফিলিপাইনে স্থানান্তর করা হয় বলে জানা যায়। সংশ্লিষ্টদের ধারণা, দেশের অভ্যন্তরের একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ এই অর্থ পাচার করে।
ঘটনার পর ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন।
বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন