বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক অভিযোগ করেছেন, বিএনপি জুলাই বিপ্লব বা জুলাইয়ের চেতনাকে বাংলাদেশের মূল রাজনীতি থেকে সরিয়ে ‘দুধভাত’ বানিয়ে রাখার চেষ্টা করছে। তার দাবি, দলটি সুপরিকল্পিতভাবে এই চেতনাকে দুর্বল করার চেষ্টা করছে।
বুধবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ১১ দলের এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, ছোটবেলায় সাত-আট বছরের শিশুরা ফুটবল বা অন্য কোনো খেলা খেললে তিন-চার বছরের ছোট শিশুরাও খেলায় অংশ নেওয়ার বায়না ধরত। কিন্তু তাদের বয়স বা সামর্থ্য না থাকায় বড়রা সান্ত্বনা দিতে বলত, ‘তুমিও খেলায় আছো, তবে তুমি দুধভাত।’
তিনি বলেন, বিএনপি জুলাই বিপ্লবীদের জন্য কান্নাকাটি বা আবেগ দেখালেও জুলাই চেতনা বাস্তবায়নের পক্ষে তাদের কার্যকর কোনো পদক্ষেপ নেই। তার অভিযোগ, বরং তারা সুপরিকল্পিতভাবে এই চেতনাকে হত্যার চেষ্টা করছে।
বিএনপিকে সতর্ক করে মামুনুল হক বলেন, দলটি নিজেদের সংশোধন না করলে তাদের সঙ্গে চূড়ান্ত লড়াই হবে।
তিনি আরও বলেন, অতীতে বিএনপির ওপর নির্ভর করে বারবার ক্ষতিগ্রস্ত হওয়ার পর এবার তারা বিকল্প পথ বেছে নিচ্ছেন। বিএনপি ব্যর্থ হলে এই ঐক্য গণবিস্ফোরণে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় দ্রুত ‘জুলাই জাদুঘর’ উন্মুক্ত করার দাবি জানান মামুনুল হক। তা না হলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বর্তমান সরকারের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনা যেমন ‘উন্নয়নের গণতন্ত্র’-পদ্মা সেতু বা মেট্রোরেল দেখিয়ে মানুষের অধিকার খর্ব করেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী যদি ‘ফ্যামিলি কার্ড’ বা ‘কৃষি কার্ডের’ গণতন্ত্র দিয়ে মানুষকে বোঝাতে চান, তবে তাদের আচরণও শেখ হাসিনার বিরুদ্ধে করা আচরণের মতোই কঠোর হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। আপনিই প্রথম মন্তব্য করুন!
আপনার মতামত দিন